যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের পর গত দুই সপ্তাহেরও কম সময়ে ইরান ৪ কোটি ব্যারেলের বেশি অপরিশোধিত তেল রফতানি করেছে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের চলমান আলোচনার সিদ্ধান্তের পক্ষেও কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গালিবাফ জানান, ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া প্রমাণ করে যে সামরিক পদক্ষেপের সমর্থন থাকলে কূটনীতি কীভাবে বাস্তব ফলাফল বয়ে আনতে পারে।
তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের জন্য একমাত্র প্রকৃত গ্যারান্টি হলো তার নিজস্ব সামরিক শক্তি। আর এ কারণেই দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং সামরিক সক্ষমতার বিষয়টি কোনও অবস্থাতেই ‘আলোচনাযোগ্য নয়’।
নিজেদের পরমাণু অধিকারের বিষয়ে ইরান কোনও ছাড় দেবে না উল্লেখ করে গালিবাফ বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের বৈধ এবং অবিচ্ছেদ্য অধিকার।
চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য সমঝোতা স্মারকের নির্ধারিত ৬০ দিনের মেয়াদ আরও বাড়ানো যেতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। গালিবাফ জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং যুক্তরাষ্ট্রের আরোপিত সব ধরনের প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই আলোচনা অব্যাহত থাকবে।