হরমুজের অভিভাবক ইরানই: ট্রাম্পের হুমকির জবাবে আরাঘচি

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর শুল্ক আরোপের মার্কিন হুমকি প্রত্যাখ্যান করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরান সবসময়ই হরমুজ প্রণালির ‘অভিভাবক’ ছিল এবং চিরকাল তাই থাকবে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। 

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট একদম ঠিক বলেছেন। হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত যে করবে, সে এই সেবার জন্য পারিশ্রমিক পাওয়ার অধিকারী।

তিনি আরও বলেন, ইরান সবসময়ই হরমুজ প্রণালির অভিভাবক ছিল এবং চিরকাল তাই থাকবে।

এর আগে সোমবার ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে ইরানকে অবরোধ করবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিরাপদে চলাচলের জন্য জাহাজগুলোর কাছ থেকে ২০ শতাংশ টোল আদায় করা হবে বলেও জানান তিনি।

ট্রাম্পের এই টোল আদায়ের প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০ শতাংশ অবশ্যই অনেক বেশি। আমরা ন্যায্য আচরণ করব।

উল্লেখ্য হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা সম্প্রতি আরও বেড়েছে। সংঘাত অবসান ও একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক সই হওয়া সত্ত্বেও দুই দেশ একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।