হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে তা মধ্যপ্রাচ্যের বাইরেও পুরো বিশ্বের জন্য এক বিপজ্জনক নজির তৈরি করবে বলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফরাসি বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
রুবিও বলেন, যদি আমরা মধ্যপ্রাচ্যে এমন একটি নজির তৈরি করি, যেখানে কোনও রাষ্ট্র একটি আন্তর্জাতিক নৌপথ নিয়ন্ত্রণ করবে, টোল আদায় করবে এবং অর্থ পরিশোধ না করলে জাহাজে হামলা চালাবে, তাহলে আমরা অত্যন্ত বিপজ্জনক একটি দৃষ্টান্ত স্থাপন করব। এটি বিশ্বের অন্যান্য অঞ্চল, এমনকি এই এলাকাতেও পুনরাবৃত্তি হতে পারে।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনায়, দরকষাকষিতে এবং ইরানের সঙ্গে মতপার্থক্য নিরসনে প্রস্তুত বলেও জানান রুবিও। তবে তার অভিযোগ, তেহরান আলোচনার বিষয়ে আন্তরিক নয়।
তিনি বলেন, তারা যদি আন্তরিক হয়, আমরাও আন্তরিক। তারা যদি না হয়, তাহলে আমাদের স্বার্থ এবং আমাদের মিত্রদের স্বার্থ রক্ষায় যা প্রয়োজন, আমরা তাই করব।