ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পরিকল্পনা বাতিল করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দুই মার্কিন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে নিজ দেশের উদ্বেগ প্রকাশ করেন সৌদি আরবের এই ডি ফ্যাক্টো নেতা।
প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক রিপাবলিক অফ ইরানের ওপর বড় ধরনের নতুন হামলা চালানো নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে ট্রাম্পের কাছে স্পষ্ট ধারণা ও ব্যাখ্যা জানতে চেয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে এই বড় ধরনের সামরিক পদক্ষেপ থেকে ট্রাম্পকে এক ধাপ পিছিয়ে আসার আহ্বান জানান তিনি।
সূত্র: টাইমস অব ইসরায়েল