বৈশ্বিক ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে ইরান: মোজতবার উপদেষ্টা

ইরানের শর্ত পূরণ না হলে যুদ্ধ আরও জোরদার করার ব্যাপারে দেশটির সর্বোচ্চ নেতার কৌশল বৈশ্বিক ক্ষমতার সমীকরণকে উল্টে দেবে বলে মন্তব্য করেছেন মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মোখবের বলেন, পারস্য উপসাগরে নিজেদের মিত্রদের রক্ষা করতে যুক্তরাষ্ট্রের স্পষ্ট ব্যর্থতা প্রমাণ করেছে যে, ওয়াশিংটনের সামরিক গ্যারান্টির ওপর নির্ভর না করে হরমুজ অর্থনৈতিক-নিরাপত্তা মেকানিজম বাস্তবায়নের মাধ্যমেই একটি নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার সবচেয়ে টেকসই পথ নিশ্চিত করা সম্ভব।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, তথাপি প্রণালিটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি এই জলপথে নিজেদের প্রভাব অব্যাহত রেখেছে ইরান।

ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবরুদ্ধ সম্পদসমূহ উন্মুক্ত না করা পর্যন্ত তারা হরমুজ প্রণালি দিয়ে পূর্ণাঙ্গ জাহাজ চলাচলের অনুমতি দেবে না।