গাজা শান্তি পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে ৮ মুসলিম দেশের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা সংক্রান্ত শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় তার তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে আটটি মুসলিম দেশ। এক বিবৃতিতে দেশগুলো বলেছে, শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান, বাস্তবায়নে বাধা ও বিলম্বের কারণে যেকোনও পরিস্থিতির জন্য সরাসরি দায় ইসরায়েলকে নিতে হবে।

রবিবার দেওয়া এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানিয়েছে, ইসরায়েলের এই অবস্থানের কারণে গাজা যুদ্ধ অবসানে ডোনাল্ড ট্রাম্পের জোরদার প্রচেষ্টা মারাত্মক হুমকির মুখে পড়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে মিসর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, তুরস্ক, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া।

যৌথ বিবৃতিতে বলা হয়, গাজা ও ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি প্রচেষ্টা ব্যাহত করার জন্য ইসরায়েলই দায়ী।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসরায়েলের এই অবস্থান সামগ্রিক শান্তি পরিকল্পনার সরাসরি অস্বীকৃতি। এটি বাস্তবায়নকে ঝুঁকিতে ফেলে এবং একটি ন্যায্য ও স্থায়ী শান্তি অর্জনে যে সম্মিলিত প্রচেষ্টা চালানো হয়েছিল, তাকে মৌলিকভাবে দুর্বল করে দেয়।

গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের এমন সিদ্ধান্ত গাজায় যুদ্ধ শেষ করতে ও স্থায়ী শান্তির পরিবেশ তৈরি করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক প্রচেষ্টাকে সরাসরি নস্যাৎ করার হুমকি দিচ্ছে।

এই পরিস্থিতিতে সামগ্রিক পরিকল্পনা এবং এর রোডম্যাপ অনুযায়ী ইসরায়েল যেন সব প্রতিশ্রুতি ও শর্ত মেনে চলে এবং আর কোনও বাধা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অব্যাহত ও সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছে দেশগুলো।

শান্তি পরিকল্পনা ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান, বাধা প্রদান, বিলম্ব করার ফলে পরিস্থিতি অবনতিসহ যেকোনও পরিণতির জন্য ইসরায়েলকে সরাসরি ও পূর্ণ দায় নিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এছাড়া, শান্তি পরিকল্পনার অখণ্ডতা রক্ষা করতে এবং কোনও পক্ষ যেন এতে বাধা দিতে না পারে, সে জন্য যুক্তরাষ্ট্রের সক্রিয় সমর্থনে বোর্ড অব পিসকে অবিলম্বে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

সূত্র: টাইমস অব ইসরায়েল