যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মুখেও বাজেট লক্ষ্যমাত্রা অনুযায়ী তেল বিক্রি অব্যাহত রাখার দাবি করেছে ইরান। চলতি ইরানি বছরের প্রথম চার মাসে তেল বিক্রির সাড়ে সাত বিলিয়ন ডলার বা ৭৫০ কোটি ডলার রাজস্ব সেন্ট্রাল ব্যাংকে স্থানান্তর করেছে দেশটি। শনিবার (২৯ আগস্ট) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
ইরানের তেল মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে ফার্স নিউজ জানিয়েছে, এই অর্থ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রার ব্যয় মেটাতে পর্যাপ্ত হবে।
ফার্স নিউজ আরও জানিয়েছে, ইরানি বছরের প্রথম চার মাস অর্থাৎ ২১ মার্চ থেকে ২২ জুলাইয়ের মধ্যে তেল বিক্রি থেকে পাওয়া রাজস্ব বাজেটে ওই সময়ের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশে পৌঁছেছে।