ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষে বেসামরিক নাগরিকসহ ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে ইয়েমেনের চিকিৎসা ও সামরিক সূত্র। ফরাসি সংবাদ সংস্থা এএফপি এ সংবাদ জানিয়েছে। 

ইয়েমেনি সামরিক বাহিনীর তিনটি সূত্র জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক ঘণ্টাব্যাপী চলে এই লড়াই। এতে সরকারি বাহিনীর অন্তত ২৬ জন সৈন্য নিহত হন। অন্যদিকে ইরান সমর্থিত হুথিদের সামরিক ও চিকিৎসা সূত্র জানিয়েছে, সংঘর্ষে তাদের ৩১ জন বিদ্রোহী যোদ্ধা প্রাণ হারিয়েছেন।

 

 
এদিকে সরকারের নিয়ন্ত্রণে থাকা তাইজ শহরের একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, যাত্রীবাহী একটি বাসকে লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও সাতজন।