হুথিদের লক্ষ্য করে সৌদির ৫৮ দফা বিমান হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি

ইয়েমেনের বিভিন্ন প্রদেশে এক দিনে সৌদি আরব ৫৮টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। এসব হামলার সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এ খবর জানিয়েছে। 

রবিবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, গত ২৪ ঘণ্টায় তাইজ, লাহিজ, আল-জাওফ, হাজ্জাহ, আল-বায়দা ও সাদায় এসব হামলা চালানো হয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি থেকে এফ-১৫ যুদ্ধবিমান উড়িয়ে হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি।

ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের জনগণের ওপর সৌদি হামলার জবাব দেওয়া হবে। তিনি বলেন, আল্লাহ চাইলে, আমাদের জনগণের ওপর সৌদিদের হামলা জবাবহীন থাকবে না। শাস্তি আসছে।

এর আগে রবিবার ইয়েমেনের একটি টেলিভিশন জানায়, সৌদি যুদ্ধবিমান দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। তবে এসব হামলায় হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

গত কয়েক দিনে ইয়েমেনে সৌদি হামলা বেড়েছে। এর মধ্যে ইয়েমেনের শাসক আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যবর্তী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থানে অগ্রসর হয়েছে।/