সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো নিরাপত্তা পরিষদ  

সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) এসব হামলায় বেসামরিক ও জ্বালানি অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে হুথিদের অবিলম্বে সামরিক উত্তেজনা বন্ধের দাবি জানিয়েছে নিরাপত্তা পরিষদ। লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলা ও হুমকিরও আগের নিন্দা পুনর্ব্যক্ত করেছে নিরাপত্তা পরিষদের সদস্যরা।

একই সঙ্গে সৌদি আরবের প্রতি সংহতি জানিয়েছে ইউএনএসসি। আন্তর্জাতিক আইনের আওতায় আত্মরক্ষার সৌদি আরবের অন্তর্নিহিত অধিকার রয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি। এ ছাড়া ইয়েমেনের ঐক্য, সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে নিরাপত্তা পরিষদ।