সৌদিতে হামলার সতর্কতা জারি, বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির কয়েক ঘণ্টা পর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কালো ধোঁয়া দেখা গেছে। সতর্কতা জারির পর রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দও শোনা যায়। এএফপির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সম্প্রতি ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম রিয়াদের বাসিন্দাদের সতর্ক করে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। একই সময়ে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বেশ কিছু ফ্লাইটে দীর্ঘ বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটেছে।

বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগার খবর পাওয়া গেছে। এক সাংবাদিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখেছেন। ট্যাংকটি সৌদি রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি আরামকোর বলে জানা গেছে। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সৌদি সিভিল ডিফেন্স রাতভর রিয়াদসহ বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য বিপদের বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠায়। শনিবার সকালে পরে নিরাপদ পরিস্থিতির ঘোষণা দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সতর্কবার্তার পর শহরজুড়ে একের পর এক বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন। বিমানবন্দরের দিক থেকে কালো ধোঁয়া ও আগুন দেখা গেছে বলেও জানান একজন বাসিন্দা।

এর আগে শুক্রবার হুথিরা দাবি করে, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি হামলা তারা প্রতিহত করেছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া দাবি করেন, গত এক সপ্তাহে ইয়েমেনে সৌদি আরব ৩০০টি হামলা চালিয়েছে। সানায় কথিত হামলার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর এশিয়া ও ইউরোপে তেল রপ্তানির জন্য সৌদি জাহাজগুলো লোহিত সাগরের এই পথের ওপর নির্ভর করছে।