নিউ ইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, লেখক-অভিনেত্রীসহ আটক ১০৩

জাতিসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগে তার নিউইয়র্ক সফরের প্রতিবাদে বিক্ষোভ থেকে ১০৩ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে পুরস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন ও হ্যাকস তারকা হান্না আইনবাইন্ডারও রয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরের কয়েক ব্লক দূরে ফার্স্ট অ্যাভিনিউয়ে বসে প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন বিক্ষোভকারীরা। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, সড়কে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গিয়ে তারা ১০৩ জনকে হেফাজতে নেয়।

নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে জিউইশ ভয়েস ফর পিস এর বিক্ষোভকারীরা জাতিসংঘ সদর দপ্তরের কাছে ফার্স্ট এভিনিউ অবরোধ করেন। [রয়টার্স]

ঘটনাস্থলের ভিডিওতে সারান্ডন ও আইনবাইন্ডারের হাতে জিপ-টাই পরিয়ে তাদের একটি এনওয়াইপিডি বাসের দিকে নিয়ে যেতে দেখা যায়। বিক্ষোভকারীদের অনেকের পরনে ছিল ‘বোমায় নয়, মানুষের পেছনে অর্থ ব্যয় করুন’ লেখা টি-শার্ট। তাদের হাতে প্ল্যাকার্ডের লেখা ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’ ও ‘গণহত্যা বন্ধ করো’।

ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন জিউইশ ভয়েস ফর পিস জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে কৌতুক অভিনেতা ক্যালেব হিয়ারন, লেখক গ্লেনন ডয়েল, নিউইয়র্কের কংগ্রেস প্রার্থী ডারিয়ালিজা আভিলা শেভালিয়ে এবং সাবেক মার্কিন সেনা গোয়েন্দা বিশ্লেষক চেলসি ম্যানিংও ছিলেন।

বিক্ষোভে অভিনেত্রী ও রাজনৈতিক কর্মী সিনথিয়া নিক্সন, নাট্যকার টনি কুশনার, আলোকচিত্রী ন্যান গোল্ডিন এবং কবি আইলিন মাইলসকেও দেখা যায়। কংগ্রেস প্রার্থী ব্র্যাড ল্যান্ডারও এতে অংশ নেন।

অন্যান্য বিক্ষোভকারীর সাথে ফিলিস্তিনি আন্দোলনকর্মী লিন্ডা সারসুরকে আটক করা হয়েছে। [রয়টার্স]

জিউইশ ভয়েস ফর পিস জানায়, বিশ্বকে ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ এবং গাজায় ‘গণহত্যা’ বন্ধের আহ্বান জানাতে জাতিসংঘের বাহিরে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

সিএনএনের প্রতিবেদকরা ঘটনাস্থলে গিয়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি দেখতে পান। বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ থাকলেও তারা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল। দুপুর ১২টার পর পুলিশ সদস্যরা সেখানে গিয়ে সড়ক ছাড়ার জন্য বিক্ষোভকারীদের সতর্ক করেন। এরপরও প্রায় ৩০ জন সড়কে বসে ও দাঁড়িয়ে থাকেন। দুপুর ১টার দিকে পুলিশ তাদের আটক করতে শুরু করে।

নেতানিয়াহুর ভাষণের পর নিউইয়র্কের বিভিন্ন সড়কে আরও কয়েকশ বিক্ষোভকারী মিছিল করেন। এ সময় কেউ কেউ ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘গাজা’ স্লোগান দেন। নেতানিয়াহুকে উদ্দেশ করে তাদের কেউ কেউ ‘তুমি লুকাতে পারবে না, গণহত্যার অভিযোগে আমরা তোমার বিচার চাই’ বলেও স্লোগান দেন।

ফিলিস্তিনিদের অধিকারের দীর্ঘদিনের সমর্থক সুসান সারান্ডন নেতানিয়াহু ও গাজায় ইসরায়েলের যুদ্ধের কঠোর সমালোচনা করে আসছেন। আটকের পর ইনস্টাগ্রাম স্টোরিতে হান্না আইনবাইন্ডার লেখেন, তাদের আটকের ছবি যদি কোনও বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, তবে তা যেন ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের ওপর চলা ভয়াবহ যুদ্ধের দিকে হয়। ক্যালেব হিয়ারনও পরে ইনস্টাগ্রামে পোস্ট করে বিক্ষোভের আয়োজকদের ধন্যবাদ জানান এবং তিনি কারাগার থেকে বের হয়েছেন বলে জানান।