২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ৮০০ এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত এবং ৩ হাজার ৩০০ এর বেশি আহত হয়েছেন। ফিলিস্তিনের শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
৫ অক্টোবর পালিত বিশ্ব শিক্ষক দিবসের আগে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, আগ্রাসন ও পদ্ধতিগত লক্ষ্যবস্তুকরণের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে ফিলিস্তিনি শিক্ষকরা শিক্ষার অধিকার রক্ষায় প্রকৃত সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
মন্ত্রণালয় জানায়, ১৭০ জনের বেশি শিক্ষক এখনও কঠোর পরিস্থিতিতে আটক রয়েছেন। এ ছাড়া ফিলিস্তিনিদের ক্লিয়ারেন্স রাজস্ব ইসরায়েল অব্যাহতভাবে আটকে রাখায় গুরুতর অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, যা শিক্ষকদের আর্থিক ও মানসিক সুস্থতাকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও জানায় মন্ত্রণালয়।
বোমা হামলা ও বাস্তুচ্যুতি সত্ত্বেও শিক্ষাদান চালিয়ে যাওয়ায় গাজার শিক্ষকদের প্রশংসা করেছে মন্ত্রণালয়। তারা বলেছে, শিক্ষকরা তাঁবু ও বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রকে শ্রেণিকক্ষে পরিণত করেছেন।