শুক্রবারও (৩০ অক্টোবর) তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। টানা চতুর্থ মাসের মতো মাসিক ভিত্তিতে দাম বাড়ার পথে রয়েছে। হরমুজ প্রণালিতে কয়েকটি ট্যাংকারে মাইন আঘাত করেছে বলে খবর আসার পর এ বাড়তি দাম দেখা গেছে। এতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাত অষ্টম মাসে পড়ার মধ্যে সরবরাহ ঝুঁকি আরও স্পষ্ট হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গ্রিনিচ মান সময় ভোর ৩টা ২৩ মিনিটে ডিসেম্বর ডেলিভারির ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ ডলার ২০ সেন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৬ ডলার ৮ সেন্টে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচার্সের দাম ১ ডলার ৩৭ সেন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে হয়েছে ১০৩ ডলার ৩৭ সেন্ট।
এ মাসে ব্রেন্টের দাম প্রায় ১১ শতাংশ বেড়ে মাস শেষ করার পথে আছে। আর ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৪ শতাংশ লাফিয়ে উঠছে।