ভবিষ্যৎ হামলার জবাবে ‘নতুন লক্ষ্যবস্তু’ চিহ্নিত করছে ইরান

ভবিষ্যতে কোনও যুদ্ধ হলে ইরানের জন্য ‘নতুন অধ্যায়’ খুলে দিয়েছে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাম্প্রতিক বক্তব্য, বলেছেন ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রবিবার এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে কোনও ভৌগোলিক সীমাবদ্ধতা নেই। শত্রুর ক্ষতি করতে এবং সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে একটি বিস্তৃত রণক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।

মোহেবির ভাষ্য, সর্বোচ্চ প্রতিরোধ বলতে বোঝায় কোনও দেশই ইরানের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন রাজনৈতিক অবস্থান নিতে পারবে না, ইরানের ভূখণ্ডের প্রতি লোলুপ দৃষ্টি দেওয়া তো দূরের কথা।

তিনি আরও জানান, আইআরজিসি নতুন লক্ষ্যবস্তু শনাক্তকরণের একটি প্রক্রিয়া চালাচ্ছে এবং নতুন ভৌগোলিক রণক্ষেত্রের জন্য অভিযানের পরিকল্পনা করছে।