ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্যের অস্তিত্ব রক্ষায় নিজের ভূমিকার কথা আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত না রাখলে আজ ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্যের অস্তিত্ব থাকত না।
শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ দাবি করেন ট্রাম্প। তিনি লেখেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে না পারলে আজ ইসরায়েল ও ‘পুরো মধ্যপ্রাচ্য’ বলে কিছু থাকত না। তিনি আরও লেখেন, ‘কেউ এ কথা বলতে চায় না, কিন্তু সবাই জানে এটাই সত্য!’
এর কয়েক দিন আগেই ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চলতি বছরই বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছিলেন ট্রাম্প।
মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালাবে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনও অবস্থান জানাননি তিনি।
ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অস্তিত্ব রক্ষায় নিজের ভূমিকার কথা এবারই প্রথম বললেন না ট্রাম্প। এর আগে ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট না থাকলে ‘আজ ইসরায়েলের অস্তিত্বই থাকত না’।
গত জুনে ওভাল অফিসেও একই ধরনের মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সে সময় তিনি বলেছিলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের কোনও অস্তিত্ব থাকত না।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস