ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ‘সামরিকভাবে শেষ হয়ে গেছে’ বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান মার্কিন আলোচকদের সঙ্গে ‘খুবই ভদ্রভাবে’ কথা বলছে। দুই দেশের সংঘাতের অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ রয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
হোয়াইট হাউসে এক আকস্মিক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরান কার্যকরভাবে শেষ। আমরা কেবল বর্তমান পরিস্থিতি বজায় রাখছি।
ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে পেরেছেন বলে দাবি করে আসছেন ট্রাম্প। তাহলে কেন তিনি বিজয় ঘোষণা করে অঞ্চলটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করছেন না- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কয়েকজন গুরুত্বপূর্ণ মিত্র রয়েছে এবং আমাদের নিশ্চিত করতে হবে যেন তাদের কোনও ক্ষতি না হয়। এখনই মার্কিন সেনা সরিয়ে নেওয়া হলে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে।‘ এর মাধ্যমে তিনি মূলত স্বীকার করেন- ইরান এখনও একটি হুমকি হিসেবে রয়ে গেছে।
ট্রাম্প বলেন, তারা কেবল স্বল্পমেয়াদি নয়, বরং দীর্ঘমেয়াদি সমাধান চান। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না- এটি নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদে বিষয়টি কার্যকর রাখাও জরুরি। এরপর আবারও তিনি দাবি করেন, ‘যুদ্ধ দ্রুত শেষের দিকে এগোচ্ছে’।