হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলে হামলা, মুহুর্মুহু বিস্ফোরণ

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে বৃহস্পতিবার শত্রুর হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। কর্মকর্তাদের সূত্রের বরাতে সংস্থাটি এ খবর দিয়েছে।

ইরনা জানায়, কয়েক মিনিট আগে হামলাটি হয়েছে। তবে হামলাকারী কে, লক্ষ্যবস্তু কী ছিল বা হতাহতের সম্ভাবনা আছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধ বোঝাতে ইরানি কর্তৃপক্ষ প্রায়ই শত্রু শব্দটি ব্যবহার করে।

এর আগে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, পূর্ব হরমোজগানের সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাসনিম প্রথমে বলেছিল, বিস্ফোরণের কারণ অস্পষ্ট। সূত্রগুলোর ইঙ্গিত ছিল, সামুদ্রিক বিধি লঙ্ঘনের অভিযোগে জাহাজ লক্ষ্য করে ছোড়া সতর্কতামূলক গুলি থেকে এমনটি হয়ে থাকতে পারে।

সিরিক ইরানের দক্ষিণ উপকূলে, উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা কৌশলগত জলপথ হরমুজ প্রণালির পূর্ব দিকে অবস্থিত। ক্ষয়ক্ষতির মাত্রা বা হতাহত নিয়ে তাৎক্ষণিক কোনও তথ্য পাওয়া যায়নি।

পরে ইরনা জানায়, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিক শত্রুর গোলাবর্ষণে আক্রান্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামলাটি সামরিক প্রকৃতির, তবে ক্ষয়ক্ষতি বা হতাহত নিয়ে আর কিছু বলা হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি