হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবজুড়ে বিমান চলাচল ব্যাহত হওয়ায় দেশটিতে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ভারতীয় বিমান সংস্থা আকাসা এয়ার বৃহস্পতিবার জানায়, চলমান নিরাপত্তা উদ্বেগের কারণে রিয়াদ ও জেদ্দাগামী এবং সেখান থেকে আসা সব ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। আরেক ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো রিয়াদ ও দাম্মামের ফ্লাইট স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। জেদ্দা ও মদিনার ফ্লাইট ২১ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে। এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও রিয়াদ, জেদ্দা ও দাম্মামের ফ্লাইট ১৪ নভেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে।
ইউরোপীয় বিমান সংস্থাগুলো তুলনামূলক দীর্ঘ সময়ের জন্য ফ্লাইট স্থগিত করেছে। কেএলএম রিয়াদ ও দাম্মামের ফ্লাইট ২৭ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে। ব্রিটিশ এয়ারওয়েজ লন্ডন-রিয়াদ রুটে ফ্লাইট পুনরায় শুরুর তারিখ পিছিয়ে ২০২৭ সালের ১১ জানুয়ারি করেছে।
সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ রিয়াদ ও দাম্মামের ফ্লাইট ১৯ নভেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে। ওমানের সালামএয়ার দুই শহরের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে।
সৌদি বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও অন্যান্য অবকাঠামোতে হুথিদের বারবার হামলার পর এসব বিঘ্ন দেখা দিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।