হরমুজ প্রণালিতে চারটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের শিকার হয়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। বৃহস্পতিবার তারা বলেছে, জাহাজগুলো সতর্কতা উপেক্ষা করে এই কৌশলগত জলপথের এমন এলাকায় ঢুকেছিল, যেটিকে ইরান সীমিত প্রবেশাধিকারের এলাকা মনে করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রণালিতে চলাচল কিছুটা ফিরে আসা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ প্রশমনের প্রত্যাশায় তেলের দাম কমলেও ট্যাংকারগুলো এখনো হামলার মুখে পড়ছে।
ইরানের রেভল্যুশনারি গার্ডস নৌবাহিনী জানায়, বুধবার অননুমোদিত পথ ব্যবহার করে সতর্কতা উপেক্ষা করায় দুটি সুপারট্যাংকার বিস্ফোরণে অচল হয়ে পড়ে। রয়টার্স ইরানের এ বিবরণ তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জাহাজ দুটি নৌ-মাইনে আঘাত করে বিস্ফোরিত হয়। ঘটনার ভিডিও ফুটেজ বলে দাবি করা দৃশ্যও সম্প্রচার করা হয়েছে।
পরে ইরানের সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার বিকেলে আরও দুটি ট্যাংকার হরমুজ প্রণালির পূর্বাংশ দিয়ে যাওয়ার সময় মাইনে আঘাত করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, জাহাজ দুটি সতর্কতা উপেক্ষা করে এবং রাডার বন্ধ রেখে নিষিদ্ধ এলাকায় ঢোকে, পরে আগুন ধরে যায়।
ফেব্রুয়ারিতে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি যুদ্ধের শুরুর দিকে ট্যাংকারে হামলার দায় সরাসরি স্বীকার করত আইআরজিসি নৌবাহিনী। সম্প্রতি তারা বলছে, প্রণালির দক্ষিণাংশ, যাকে তারা অননুমোদিত পথ ঘোষণা করেছে, সেখানে নৌ-মাইনে আঘাত করে জাহাজে আগুন ধরেছে। এ রকম বেশ কিছু ঘটনায় যুক্তরাজ্যের ইউকেএমটিও জানিয়েছে, জাহাজগুলো অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবারের প্রতিবেদনে ইউকেএমটিও জানায়, বুধবার প্রণালি থেকে বেরোনোর সময় সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে একটি জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, এতে ইঞ্জিন কক্ষে আগুন ধরে। আগুন নেভানোর চেষ্টা চলছিল এবং সব ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে।
ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, অক্টোবরে ৩৭টি হামলা হয়েছিল, যা ফেব্রুয়ারির শেষে সংঘাত শুরুর পর মাসিক হিসাবে সর্বোচ্চ। নভেম্বরের প্রথম ১০ দিনেই অন্তত ১০টি জাহাজ আঘাতপ্রাপ্ত হয়েছে।
হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলে হামলা, মুহুর্মুহু বিস্ফোরণ