ইরানের ওপর অবরোধ বহাল রাখার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এতে মধ্যপ্রাচ্যের সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে এমন নতুন বড় আকারের লড়াইয়ের আশঙ্কা কমেছে। তবে জাহাজে হামলার ঝুঁকি থেকেই যাচ্ছে। শুক্রবার (১৩ নভেম্বর) তেলের দাম মিশ্র প্রবণতায় থাকলেও টানা দ্বিতীয় সাপ্তাহিক পতনের পথে রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গ্রিনিচ মান সময় রাত ২টা ৪২ মিনিটে ব্রেন্ট ফিউচার্স ১ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৪১ ডলারে নেমেছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ২০ সেন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫২ ডলারে নেমেছে।
শুক্রবারের পতনে টানা দুই দিনের দাম বৃদ্ধি থেমেছে। নবম মাসে গড়ানো ইরানবিরোধী মার্কিন-ইসরায়েলি যুদ্ধ নিয়ে সমঝোতার আগের আশা এবং ইরানপন্থী ইয়েমেনি হুথিদের সৌদি অবকাঠামোয় হামলা ও উপসাগর থেকে অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে আক্রমণে সপ্তাহজুড়ে দামের ওঠানামা ছিল।
অমীমাংসিত যুদ্ধের মধ্যে দামের ওঠানামা সত্ত্বেও এ সপ্তাহে ব্রেন্ট ২ দশমিক ৪ শতাংশ কমতে চলেছে। আগের সপ্তাহে কমেছিল ১৬ শতাংশ। ডব্লিউটিআই এ সপ্তাহে কমতে চলেছে ২ দশমিক ৫ শতাংশ, আগের সপ্তাহে কমেছিল ১৩ শতাংশ।
যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে চুক্তি জরুরি নয় বলে ট্রুথ সোশ্যালে মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তেল ও বাণিজ্য চলাচলে অবরোধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রাখার ইঙ্গিত মেলায় শুক্রবার দাম কমে।
দামে চাপ ফেলেছে মার্কিন অপরিশোধিত তেল ও জ্বালানির মজুত বৃদ্ধিও। বৃহস্পতিবার মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানায়, পরিশোধিত পণ্যের চাহিদা কমা ও তেল আমদানি বাড়ায় গত সপ্তাহে মজুত বেড়েছে। ৬ নভেম্বরে শেষ হওয়া সপ্তাহে অপরিশোধিত তেলের মজুত ৪৭ লাখ ব্যারেল বেড়ে ৪১ কোটি ৪৪ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। রয়টার্সের জরিপে বিশ্লেষকেরা ১১ লাখ ব্যারেল কমার পূর্বাভাস দিয়েছিলেন।