এবার যৌথ অস্ত্র উৎপাদনে আগ্রহী তুরস্ক ও সৌদি আরব

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও বাড়াতে তুরস্ক পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা হালুক গরগুন। বৃহস্পতিবার ইস্তাম্বুলে আয়োজিত তুরস্ক-সৌদি আরব ডিফেন্স ইন্ডাস্ট্রি ডেজ অনুষ্ঠানে তিনি জানান, ১ হাজার ৪০০টির বেশি প্রকল্প এবং ১২ হাজার কোটি (১২০ বিলিয়ন) ডলারের পোর্টফোলিও নিয়ে তুরস্ক এই সহযোগিতা সম্প্রসারণ করতে চায়।

তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ সচিবালয়ের (এসএসবি) প্রধান হালুক গরগুন বলেন, আমাদের প্রায় সাড়ে চার হাজার প্রতিরক্ষা এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ), ১ হাজার ৪০০টির বেশি প্রকল্প, প্রায় ১২০ বিলিয়ন ডলারের পোর্টফোলিও এবং আমাদের প্রেসিডেন্টের নির্দেশনার আলোকে আমরা একসঙ্গে উন্নতির জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নিতে প্রস্তুত।

তিনি জানান, গত সাড়ে তিন বছরে সৌদি অংশীদারদের সঙ্গে তুর্কি কর্মকর্তারা ৭৫টি বৈঠক করেছেন। সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর অধীনে ন্যূনতম ৫০ শতাংশ প্রতিরক্ষা উৎপাদন স্থানীয়করণের লক্ষ্য পূরণে তুর্কি কোম্পানিগুলো যৌথভাবে কাজ করছে।

অনুষ্ঠানে সৌদি আরবের প্রতিমন্ত্রী ও জেনারেল অথরিটি ফর মিলিটারি ইন্ডাস্ট্রিজের (গামি) ভারপ্রাপ্ত গভর্নর বান্দার আল-খোরাইফ বলেন, তুরস্ক ও সৌদি আরব কেবল শিল্পক্ষেত্রেই নয়, বরং ভ্রাতৃত্বের ভিত্তিতেও একে অপরকে সহযোগিতা করে।

জি-২০ এবং মক্কা চুক্তিতে যৌথ প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি জানান, সৌদি আরবের প্রতিরক্ষা স্থানীয়করণের হার ৪ শতাংশ থেকে বেড়ে ২৭ শতাংশে পৌঁছেছে এবং প্রযুক্তি হস্তান্তর ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে তা ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

তুরস্কের উপশিল্প ও প্রযুক্তিমন্ত্রী চেতিন আলী দোনমেজ জানান, তুরস্কের বার্ষিক রফতানি প্রায় ৩০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং প্রতিরক্ষা ও মহাকাশ খাতের রফতানি ২০০২ সালের ২৪ কোটি ৮০ লাখ ডলার থেকে বেড়ে বর্তমানে ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে।

ইস্তাম্বুলের গভর্নর দাউত গুল বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র হিসেবে ইস্তাম্বুলের ভূমিকার কথা তুলে ধরেন। এ ছাড়া সাহা ইস্তাম্বুল-এর ভাইস চেয়ারম্যান ও রকেটসানের সিইও মুরাত ইকিঞ্চি স্বয়ংক্রিয় ব্যবস্থা, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, প্রপালশন প্রযুক্তি এবং মহাকাশ ব্যবস্থায় যৌথ গবেষণা ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি