ইরানে ফের হামলার ছক? আইজেনকোটের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

ইরানে নতুন করে সামরিক হামলা শুরুর সম্ভাবনা নিয়ে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটের সঙ্গে বৈঠক করেছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইরানসংক্রান্ত গোয়েন্দা তথ্য আইজেনকোটের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলেন নেতানিয়াহু।

সম্প্রচারমাধ্যমটি একটি ‘বিষয় সম্পর্কে অবগত’ সূত্রের বরাতে জানিয়েছে, এসব গোয়েন্দা তথ্য ইরানে নতুন করে হামলা শুরুর বিষয়ে নেতানিয়াহুর উদ্দেশ্য সম্পর্কে আইজেনকোটের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে।

চ্যানেল ১২ আরও জানিয়েছে, ইরান ইস্যুতে আলোচনা করতে মোসাদের প্রধান রোমান গোফম্যান যে ওয়াশিংটন সফর করছেন, সে বিষয়ে আইজেনকোট অবগত ছিলেন না। তবে তাকে ইচ্ছাকৃতভাবে এই সফরের তথ্য জানানো হয়নি কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এর আগে, নতুন সরকার গঠনের আগে অপ্রয়োজনীয় সামরিক অভিযান না চালানোর জন্য নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন আইজেনকোট।