ইরান থেকে নতুন করে কোনও উসকানি না এলে দেশটিতে হামলা আপাতত করবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইভাবে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের পক্ষ থেকেও নতুন কোনও উসকানি না এলে সামরিক অভিযান থেকে বিরত থাকার কথা ভাবছেন তিনি। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সাম্প্রতিক দিনগুলোতে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন ট্রাম্প। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এবং একাধিক গোয়েন্দা ব্রিফিংয়ের পর হামলা আপাতত বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করছেন তিনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তবে ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ট্রাম্প। যুদ্ধ আরও বিস্তৃত করে নতুন করে হামলার হুমকি দেওয়া এবং সংঘাতের অবসান ঘটানোর মধ্যে বারবার অবস্থান পরিবর্তন করছেন তিনি। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের মতে, অজনপ্রিয় এই সংঘাত কীভাবে শেষ করবেন, সে বিষয়ে এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলকে সঙ্গে নিয়ে এই যুদ্ধ শুরু করেছিলেন তিনি।
যুদ্ধের নিয়ন্ত্রণ আবার পূর্ণমাত্রায় নিজেদের হাতে ফিরিয়ে না নেওয়ার বিষয়ে আঞ্চলিক মিত্রদের অনুরোধের প্রতিও সহানুভূতি দেখিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি চাইলে এখনই এর অবসান ঘটাতে পারি। কিন্তু যেসব দেশকে সুরক্ষা দিতে চাই, তাদের অনুরোধে আমরা একটু দীর্ঘ পথ বেছে নিয়েছি, আরও কিছুটা সংযতভাবে এগোচ্ছি।
এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, প্রধান সামরিক কমান্ডার হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পই স্থপতি এবং একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী। সব সিদ্ধান্তের নিয়ন্ত্রণ তার হাতেই এবং তিনি সব সময় যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষিত রাখবেন। বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতি ধসে পড়ার কারণে যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পই কেবল জানেন তিনি কী করবেন এবং কখন করবেন। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও সিআইএ এবং ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের কার্যালয় কোনও সাড়া দেয়নি।
গত দুই সপ্তাহে টেলিফোনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। ইরানে নতুন করে হামলা শুরু না করার জন্য দুজনই তাকে পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি। তবে এ বিষয়ে ট্রাম্প কোনও পক্ষেই প্রতিশ্রুতি দেননি।
সূত্র: রয়টার্স
প্রথমবারের মতো একসঙ্গে বসছেন ট্রাম্প-শি-পুতিন, কী নিয়ে হবে আলোচনা?
নগ্ন ছবির বিনিময়ে ভারতীয় পাইলট থেকে যুদ্ধপরিকল্পনা হাতিয়ে নেন পাকিস্তানি নারী