হরমুজ প্রণালিতে কেশম দ্বীপের দক্ষিণ দিক থেকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। সোমবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সোমবার সকালে সাইবার অপারেশনের মাধ্যমে এমকিউএম-১৭০ মডেলের ড্রোনটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয়।
বিবৃতিতে বলা হয়, ড্রোনটি ইরানের বিমান প্রতিরক্ষা ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেমের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছিল। ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও ড্রোন কমান্ডের মাধ্যমে এ ধরনের চতুর্থ এবং আইআরজিসির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হরমুজ প্রণালি অঞ্চলে অক্ষত অবস্থায় নামানো এটি অষ্টম ড্রোন বলে দাবি করা হয়েছে। এ ছাড়া এমকিউ-৯, এমকিউ-১ ও লুকাস অ্যাটাক ড্রোনসহ মার্কিন বিভিন্ন ড্রোন প্রতিহত, ধ্বংস বা অকেজো করার দাবিও জানিয়েছে তারা।
তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। এর আগেও ইরানের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছিল। নভেম্বরের শুরুতে কেশম দ্বীপের কাছাকাছি এমকিউএম-১৭০ ড্রোন ভূপাতিত করার দাবি করা হলেও মার্কিন সামরিক বাহিনী সে সময় তা নাকচ করেছিল।
উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালির উত্তর অংশে ইরানের সবচেয়ে বড় দ্বীপ কেশম অবস্থিত।
সূত্র: আনাদোলু এজেন্সি