৩ শতাংশের বেশি কমলো তেলের দাম

হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ আবার শুরু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান সূচক ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪৪ ডলারে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭২ ডলারে।

তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কয়েকটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত হানার ঘটনা ঘটেছে। পাশাপাশি বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে বারবার লক্ষ্যবস্তু করছে ইরান। এসব উত্তেজনা সত্ত্বেও প্রণালিটি দিয়ে তেল পরিবহন সরবরাহ আবার শুরু হওয়ায় বাজারে দামের এই পতন দেখা গেছে।

এদিকে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। শুক্রবার সংস্থাটি জানায়, ওই সময়ে বিশ্ববাজারে তেলের উদ্বৃত্ত পরিস্থিতি ফিরে আসার সম্ভাবনা রয়েছে।