মোটরসাইকেলে ‘লিফট’ নেওয়ার কয়েক ঘণ্টা পর পাঞ্জাবে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৬, ২৩:০৩ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২৩:০৩

ভারতের পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় বিনোদ কুমার (৪২) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের তদন্তে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নিহত হওয়ার কিছুক্ষণ আগে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাকে তুলে নিয়ে নিজেদের বাইকে বসিয়ে নিয়ে যাচ্ছেন।

শিরোমণি আকালি দলের নেতা বিক্রম সিং মাজিথিয়া দাবি করেছেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখোশধারী দুই ব্যক্তি ওই পুলিশ কর্মকর্তাকে অপহরণ করে নিয়ে যান এবং পরে গুলি করে হত্যা করেন। সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী শাহজাদ ভাট্টির পরিচালিত এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-সমর্থিত সংগঠন তেহরিক-ই-তালেবান হিন্দুস্তান এই হত্যার দায় স্বীকার করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির নামে ছড়িয়ে পড়া একটি পোস্টারে বিনোদ কুমারকে হত্যার দায় স্বীকারের পাশাপাশি পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে হুমকি দেওয়া হয়েছে। তবে পাঞ্জাব পুলিশ এখনও এই পোস্টারের সত্যতা বা সন্ত্রাসী গোষ্ঠীটির দাবি স্বাধীনভাবে যাচাই করেনি।

উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৬ সেপ্টেম্বর শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে (এসবিএন) নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে ভাট্টিকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে।

পুলিশ জানায়, গুরুদাসপুরের মানকৌর বাইপাসের কাছ থেকে বিনোদ কুমারের মাথায় আঘাতপ্রাপ্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা কুমার পাঞ্জাব পুলিশের টেকনিক্যাল সার্ভিসেস উইংয়ে কর্মরত ছিলেন এবং সুজানপুর থানায় ওয়্যারলেস অপারেটর হিসেবে দায়িত্ব পালন করতেন। প্রশিক্ষণের জন্য তিনি সাংরুরে গিয়েছিলেন।

পরিবারের সদস্যরা জানান, রবিবার রাতে দায়িত্ব শেষে ফেরার পথে কুমার তার ভাইকে ফোন করে বাইপাস এলাকা থেকে নিয়ে যেতে বলেন। তার ভাই বাসস্ট্যান্ডে গিয়ে তাকে না পেয়ে বারবার ফোন করলেও কোনও সাড়া পাননি। পরে আশপাশের এলাকায় ও বাসে খোঁজাখুঁজির এক ঘণ্টারও বেশি সময় পর বাইপাসের কাছে তার মরদেহ পাওয়া যায়।

পাঞ্জাবে পুলিশ সদস্যদের লক্ষ্য করে একের পর এক হামলার মধ্যেই এ হত্যাকাণ্ড ঘটলো। চলতি বছর রাজ্যটিতে হোমগার্ডসহ অন্তত পাঁচজন পুলিশ সদস্য পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর আগে গত অক্টোবরে তারন তারান জেলায় এএসআই ইকবাল সিংকে গুলি করে হত্যা করা হয় এবং অমৃতসরে জিআরপির এএসআই সুখচেইন সিং গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ছাড়া গত ১৮ সেপ্টেম্বর অমৃতসরের গেট হাকিমা এলাকায় রাতের দায়িত্ব পালনকালে এএসআই হরজিৎ সিংকে গুলি করে হত্যা করা হয়।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে বিপর্যয়ের পর সামরিক কমান্ডার পাল্টালো সৌদি আরব
১৯ তলা আবাসিক ভবনের বুক চিরে ছুটে চলে ট্রেন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী 
মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’, সারদা হলে তালা দিলো জাসাস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘গোপন বৈঠক’, সারদা হলে তালা দিলো জাসাস
কবজিতে বৈদ্যুতিক স্পন্দন দিয়ে টুরেটসের উপসর্গ নিয়ন্ত্রণ, নতুন যন্ত্রে আশার আলো
কবজিতে বৈদ্যুতিক স্পন্দন দিয়ে টুরেটসের উপসর্গ নিয়ন্ত্রণ, নতুন যন্ত্রে আশার আলো
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর