তিন ইসরায়েলি ও চার সংগঠনের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তিন ইসরায়েলি ব্যক্তি ও চারটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। বুধবার (১৮ অক্টোবর) এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেশটি বলেছে, এসব কর্মকাণ্ড দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও সংগঠনগুলো নতুন বসতি স্থাপনের পরিকল্পনা, সমন্বয় ও প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এ কাজে তারা অর্থ সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহিংস বসতি স্থাপনকারীদের সহায়তা দিয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বসতি স্থাপনকারীদের সংগঠন নাচালার নেতা ড্যানিয়েলা ওয়েইস। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের পক্ষে অবস্থান নিয়েছেন। তালিকায় থাকা আরেক ব্যক্তি এলিয়াভ লিবি। তার নির্মাণপ্রতিষ্ঠানের মাধ্যমে পশ্চিম তীরে ইসরায়েলি বসতির সম্প্রসারণ ত্বরান্বিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

নিষেধাজ্ঞার ফলে অস্ট্রেলিয়ার নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত ব্যক্তি ও সংগঠনের সঙ্গে বাণিজ্য করতে বা তাদের সহায়তা দিতে পারবে না।

পেনি ওং বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ই১ বসতি প্রকল্প এলাকায় সহিংসতা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে অধিকৃত পশ্চিম তীর দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এতে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের কেন্দ্র হিসেবে বিবেচিত ভূখণ্ড খণ্ডিত হওয়ার আশঙ্কা রয়েছে।

চলতি সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের একটি এলাকায় ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। ওই এলাকায় সম্প্রতি কয়েকটি ফিলিস্তিনি বাড়ি দখল করে নিয়েছেন বসতি স্থাপনকারীরা।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিশ্বের অধিকাংশ দেশ ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ বলে মনে করে। তবে ইসরায়েল এ অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে।

অস্ট্রেলিয়ার নতুন নিষেধাজ্ঞার আগে মঙ্গলবার যুক্তরাজ্য অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণে যুক্ত আটটি ইসরায়েলি নির্মাণপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।