বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ২০টি শাখায় হামলা ও হামলার চেষ্টার ঘটনায় সব ধরনের সহিংসতা তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ (ইউএন)। একই সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের ওপর গুরুত্ব দিয়ে সংস্থাটি বলেছে, প্রতিবাদ-বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।
সোমবার (১৬ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন সংস্থাটির মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক। গ্রামীণ ব্যাংকের শাখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার বিষয়ে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গ্রামীণ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশের ১৬টি জেলায় তাদের ২০টি শাখায় অগ্নিসংযোগ ও অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে। এসব ঘটনার বিষয়ে জানতে জাতিসংঘের কাছে প্রশ্ন করা হলে সংস্থাটি সহিংসতার তদন্ত এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের বিষয়টি তুলে ধরে।
ফারহান হক বলেন, ‘আমরা বিশ্বাস করি, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।’ তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে অবশ্যই আমরা বিশ্বাস করি, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে আমরা জোর দিয়ে বলছি, বিক্ষোভ শান্তিপূর্ণ হতে হবে।’ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় ব্যাংকটির কার্যক্রম ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘের বক্তব্যে সহিংসতার ঘটনা তদন্তের দায়িত্ব জাতীয় কর্তৃপক্ষের ওপরই দেওয়া হয়েছে। একই সঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদকে অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে বিক্ষোভে সহিংসতা এড়ানোর আহ্বান জানানো হয়েছে। সংস্থাটির বক্তব্য অনুযায়ী, যেকোনো সহিংস ঘটনার তদন্ত হওয়া উচিত এবং বিক্ষোভকারীদের প্রতিবাদের অধিকার থাকলেও তা শান্তিপূর্ণভাবে পালন করতে হবে।
সূত্র: ইউনাইটেড নেশন (ইউএন)
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির