সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের প্রতি সমর্থনকে কাজে লাগিয়ে দেশটিতে সামরিক অভিযান চালাতে পারে ইসরায়েল- এমন আশঙ্কা প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি সতর্ক করে বলেছেন, ইসরায়েলের এমন পদক্ষেপ পুরো অঞ্চলে আরও বড় সংঘাতের জন্ম দিতে পারে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
তুর্কি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, সিরিয়ার একটি দ্রুজ গোত্রকে নিয়মিত সামরিক সরঞ্জাম ও সহায়তা দিচ্ছে ইসরায়েল। এই সমর্থনকে কাজে লাগিয়ে সিরীয় সেনাবাহিনীকে উসকে দেওয়া এবং দেশটিতে হামলা চালানোর চেষ্টা করতে পারে তেল আবিব।
এ ধরনের পরিস্থিতির আশঙ্কা নিয়ে ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তুরস্ক আলোচনা করেছে বলেও জানান তিনি।
এর আগে গত বছর দ্রুজ অধ্যুষিত সুয়েইদা শহরে সংঘর্ষের মধ্যে দ্রুজদের সমর্থনে সিরীয় বাহিনীর ওপর বোমা হামলা চালায় ইসরায়েল। এ ছাড়া গত আগস্টে সিরিয়ার একটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি ছিল, ওই ঘাঁটিতে তুরস্ক সেনা মোতায়েনের পরিকল্পনা করছিল।