সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরের দিকে দক্ষিণাঞ্চলীয় বেল্টের আল ওয়াতান সড়কে এ দুর্ঘটনা ঘটে। কারিগরি ত্রুটির কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ৪১ জন যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত আরও দুজন মারা গেলে মোট মৃতের সংখ্যা ১৩ জনে পৌঁছায়। এ ঘটনায় আরও ১৪ জন কমবেশি আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিশেষায়িত জরুরি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়।
গালফ নিউজ জানিয়েছে, বাসটির অধিকাংশ যাত্রীই ওমান থেকে ভিসা পরিবর্তন বা ভিসা চেঞ্জ করে ফিরছিলেন। ফেরার পথেই তারা এই দুর্ঘটনার কবলে পড়েন। এদিকে দুবাইস্থ ভারতীয় কনস্যুলেট নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে ভারতীয় নাগরিক রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত কারও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ড্রোন হামলার’ গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেপুলিশ।