চীনা কমিউনিস্ট পার্টির সাংহাইয়ের পার্টি সচিব চেন জিনিংয়ের বিরুদ্ধে পার্টি শৃঙ্খলা লঙ্ঘনের সন্দেহে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
পলিটব্যুরো সদস্য চেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানে অভিযোগ ওঠা সর্বশেষ শীর্ষস্থানীয় ব্যক্তি। এই অভিযানের পরিধি কমার কোনও লক্ষণ নেই। চেন এখন কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিশনের তদন্তের মুখে। সংক্ষিপ্ত ঘোষণায় আর কোনও বিস্তারিত দেওয়া হয়নি।
শি এক দশকেরও বেশি সময় ধরে এই অভিযান চালাচ্ছেন, যেখানে মাও সে-তুংয়ের শাসনামলের পর এমন মাত্রার শুদ্ধি অভিযান দেখা যায়নি।
ইউরেশিয়া গ্রুপের সিনিয়র বিশ্লেষক মিংদা কিউ ইমেইলে দেওয়া বিবৃতিতে বলেন, এই পতন আবারও দেখালো শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের কোনও সীমা নেই। পলিটব্যুরোর চতুর্থ সদস্য শেষ, বর্তমান মেয়াদে চতুর্থ কর্মরত সদস্য ছিলেন তিনি। এটি নজিরবিহীন।
পলিটব্যুরোর যারা আগে শুদ্ধি অভিযানের শিকার হয়েছেন, তাদের মধ্যে আছেন সশস্ত্র বাহিনীর তদারককারী কেন্দ্রীয় সামরিক কমিশনের দুই জ্যেষ্ঠ সদস্য জেনারেল ঝাং ইউশিয়া ও হে ওয়েইদং এবং প্রাদেশিক পার্টি সচিব মা শিংরুই।
সাংহাইয়ের পার্টি সচিবের পদকে ঐতিহ্যগতভাবে চীনের শীর্ষ নেতৃত্বের সিঁড়ি হিসেবে দেখা হয়। বর্তমান প্রধানমন্ত্রী লি ছিয়াং আগে এ পদে ছিলেন। চেন ২০২২ সাল থেকে সাংহাইয়ের পার্টি সচিব। এর আগে তিনি বেইজিংয়ের পৌর সরকারে শীর্ষ পদে ছিলেন এবং পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয়ের প্রধান ছিলেন।
সূত্র: এপি