ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনের তাইজ শহরের কাছে লড়াই তীব্র হওয়ার মধ্যেই এ হামলা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, বুধবার জিজানে হুথি হামলায় সামান্য ক্ষতি হয়েছে, কোনও বেসামরিক হতাহত হয়নি। জোট আরও বলেছে, ব্যবহৃত প্রজেক্টাইলের ধরন নির্ধারণের চেষ্টা চলছে।
পরে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক্সে দেওয়া বিবৃতিতে জানান, সৌদি আরবের জেদ্দা বন্দরের ওপর একটি হুথি ড্রোন তাদের বাহিনী ভূপাতিত ও ধ্বংস করেছে। ড্রোন ভূপাতিত করার পর ধ্বংসাবশেষ পড়ে কোনও বেসামরিক ব্যক্তি আহত হননি বলেও জানান তিনি।
জোটের বিবৃতির পর ইয়েমেনের রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আল জাজিরার নাবিল আল-ইউসফি। এরপর সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রিয়াদের দিকে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত ও ধ্বংস করেছে। রাজধানীতে এ হামলার চেষ্টার আগে মঙ্গলবার রিয়াদের আর্থিক এলাকার একটি আকাশচুম্বী ভবনে হুথি ড্রোন হামলায় অন্তত ১১ জন আহত হন।
ইরানপন্থী হুথি ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। উভয় পক্ষই বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।
হুথি-সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি ইয়েমেনের হুদাইদা বন্দরে সৌদি আরবের নতুন হামলার খবর দেওয়ার পর সৌদি বন্দরে এ হামলা হলো। বুধবারের শুরুতে হুথিরা হুদাইদায় হামলা হলে সৌদি বন্দরে হামলার হুমকি দিয়েছিল।
সানা থেকে আল জাজিরার ইউসুফ মাওরি বলেন, ইয়েমেনে আমদানি করা পণ্যের ৯০ শতাংশ হুদাইদা বন্দর দিয়ে আসে। এটি বন্ধ হলে মানবিক পরিস্থিতি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে চলে যেতে পারে। তিনি আরও বলেন, হুদাইদা বন্দরে সৌদি আরবের সাম্প্রতিক কিছু হামলায় পণ্য ওঠানামার কাজে ব্যবহৃত মজুত ট্যাংক ও ক্রেন লক্ষ্যবস্তু হয়েছে।