গোয়েন্দা মন্ত্রণালয় ঢেলে সাজানোর নির্দেশ মোজতবা খামেনির

সাম্প্রতিক বছরগুলোতে তেহরানের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থার বড় ধরনের দুর্বলতা প্রকাশ্যে আসার পর দেশের গোয়েন্দা কাঠামো ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ তথ্য জানিয়েছেন।

রবিবার টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় গালিবাফ বলেন, প্রতিষ্ঠানটি সংস্কারের আইন সাংবিধানিক তদারক সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের পর্যালোচনায় পাস হওয়ার পর সরকারের উচিত স্থায়ী গোয়েন্দামন্ত্রী নিয়োগে বিলম্ব না করা।

চলতি বছরের ১৮ মার্চ ইসরায়েলি হামলায় ইরানের সর্বশেষ গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হন এবং এরপর থেকে তার উত্তরসূরি নিয়োগ দেওয়া হয়নি। ২০২১ সালের আগস্ট থেকে বেসামরিক গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দেওয়া এই কট্টরপন্থি আলেম এর আগে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দফতরে কাজ করেছিলেন।

উল্লেখ্য, ইরান যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় নিহত আলী খামেনি ছিলেন মোজতবা খামেনির বাবা।

২০২০ সালে পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যা এবং ২০২৪ সালে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইরানের ভেতরে ইসরায়েলি গোয়েন্দাদের অনুপ্রবেশের বিষয়টি স্পষ্ট হয়েছিল। ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধে ইরানের ভেতরে থাকা ইসরায়েলি এজেন্টরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র লঞ্চার ও জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের লক্ষ্যবস্তু করতে সহায়তা করলে এই দুর্বলতা আরও প্রকটভাবে ধরা পড়ে।

গালিবাফ জানান, পার্লামেন্ট শুরুতে সরকারকে গোয়েন্দা মন্ত্রণালয় পুনর্গঠনের বিল জমা দিতে বললেও বিলম্ব হওয়ায় নিজেরাই উদ্যোগ নেয়। রবিবার আইনপ্রণেতারা বিলটির সাধারণ রূপরেখা অনুমোদন করেছেন এবং গোয়েন্দামন্ত্রী পদের যোগ্যতা বাড়ানোর বিধান বিবেচনা শুরু করেছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, নতুন বিধানে ইসলামি আইনশাস্ত্রে (ইজতিহাদ) যোগ্যদের পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রিধারী, গোয়েন্দা বিষয়ে অভিজ্ঞ এবং মধ্যম বা জ্যেষ্ঠ ব্যবস্থাপনায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অ-আলেম প্রার্থীদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সূত্র: রয়টার্স