৪ হাজার আইএস যোদ্ধার ব্যক্তিগত তথ্য ফাঁস

সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর কয়েক হাজার গোপন নথি ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর কমব্যাটিং টেরোরিজম সেন্টার (সিটিসি) এসব নথি প্রকাশ করেছে। ফাঁস হওয়া নথিতে ২০১৩-২০১৪  সালে আইএসে যোগ দেওয়া ৪ হাজার ১৮৮ জন জঙ্গির ব্যক্তিগত তথ্য রয়েছে বলে দাবি করেছে সিটিসি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এই তথ্য জানিয়েছে।

আইএসের আরও খবর: আইএস সদস্যদের যৌনদাসী হতে অস্বীকৃতি, দুই শতাধিক নারীর শিরশ্ছেদ!

সিটিসি জানিয়েছে, এসব নথিতে প্রত্যেক আইএসে যোগ দেওয়া জঙ্গিদের আসল নাম, যুদ্ধের নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, জিহাদি অভিজ্ঞতা ও জাতীয়তাসহ প্রচুর তথ্য রয়েছে। আইএসে যোগদানের পূর্বে যে আবেদন ফরম পূরণ করা হতো তাও রয়েছে ফাঁস হওয়া নথির মধ্যে। রয়েছে সশস্ত্র সংগঠনটির আরও বেশ কিছু তথ্য।

আইএসে যোগ দেওয়ার সময় প্রত্যেককে জিজ্ঞেস করা হতো তিনি কী হতে চান। আইএস সদস্যদের তিনটি শ্রেণি রয়েছে। সেগুলো হচ্ছে, যোদ্ধা, আত্মঘাতী বোমা হামলাকারী ও আত্মঘাতী যোদ্ধা। আইএসে যোগ দেওয়া বেশিরভাগই আত্মঘাতী যোদ্ধা হতে চেয়েছেন।

আরও পড়ুন: কমে যাচ্ছে আইএসের আয়

ফাঁস হওয়া তথ্যগুলো পর্যালোচনা করে সিটিসি জানিয়েছে, সবচেয়ে যোদ্ধা যোগ দিয়েছেন সৌদি আরব থেকে। তালিকায় ২৬জন ব্রিটিশ যোদ্ধার কথা পাওয়া গেছে। জার্মানি ও ফ্রান্স থেকে যোগ দেওয়া জঙ্গির সংখ্যা আরও কম।  তালিকায় তিন প্যারিস হামলাকারীরও নাম রয়েছে।

তবে অনেক জঙ্গির দ্বৈত নাগরিকত্ব থাকায় যুক্তরাজ্য থেকে যোগ দেওয়া জঙ্গির সংখ্যা দাঁড়ায় ৫৭। এদের মধ্যে অনেকেই সিরিয়া গিয়ে আইএসে যোগ দেওয়ার আগে যুক্তরাজ্যে বসবাস করতেন।

আইএস যোগ দেওয়া জঙ্গিদের গড় জন্ম সাল ১৯৮৭। যোগ দেওয়ার সময় এদের বেশির ভাগেরই বয়স ছিল ২৬-২৭।

আরও পড়ুন: বাংলাদেশে ‘আইএস-এর পরিচালনাকারী’ আবু ইব্রাহিম-এর সাক্ষাৎকার

দেশভেদে জঙ্গিদের বয়সের বেশ পার্থক্য রয়েছে। যুক্তরাজ্য, ডেনমার্ক, জার্মানি, বেলজিয়াম, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে যোগ দেওয়া জঙ্গিরা অপেক্ষাকৃত তরুণ। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, রাশিয়া ও চীন থেকে যারা যোগ দিয়েছেন তাদের বিভিন্ন সময় যুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে।

সিটিসির দাবি, এসব তথ্য শতভাগ সঠিক। আইএসকে বুঝতে এবং বিদেশিদের জঙ্গি সংগঠনটিতে যোগদানের বিষয় পর্যালোচনার জন্য এসব নথি অনেক গুরুত্বপূর্ণ।

নথি পর্যালোচনাকারীরা জানান, এর মধ্য দিয়ে জানা যাবে কীভাবে আইএস তরুণদের সংগঠনে যোগদানে উৎসাহিত করছে।  সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।

/এএ/