যে কারণে তথ্য ফাঁসের জন্য পুরস্কার ঘোষণা করেছে উইকিলিকস

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন সরকার ও বড় বড় কর্পোরেশনের তথ্য ফাঁসকারী উইকিলিকস সম্প্রতি বিভিন্ন বিষয়ে তথ্য ফাঁসকারীদের জন্য পুরস্কার ঘোষণা করেছে। গোপন তথ্য ফাঁস করার জন্য পুরস্কার ঘোষণা করায় অনেক সংবাদমাধ্যমে উইকিলিকসের সমালোচনা করা হচ্ছে। অনেকেই দাবি করেছেন, এতে করে অনেক ভুয়া তথ্য প্রকাশ করতে পারে উইকিলিকস। ফলে মানুষের বিশ্বাসযোগ্যতা হারাতে পারে ওয়েবসাইটটি। এ প্রেক্ষিতে পুরস্কার ঘোষণার বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে উইকিলিকস। সোমবার এক টুইটে পুরস্কার ঘোষণার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থী যথাক্রমে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনের তথ্য ফাঁসকারীদের জন্য পুরস্কার ঘোষণা করে উইকিলিকস। এর আগে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিটিপি) ও ট্রান্সআটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ (টিটিআইপি) ও কুন্দুজ হত্যাকাণ্ড নিয়ে তথ্য ফাঁসকারীদের জন্য পুরস্কার ঘোষণা করে।

উইকিলিকস লিখেছে, সম্পূর্ণ ও যথাযথভাবে যাচাই-বাছাই করে তথ্য প্রকাশের ইতিহাস রয়েছে উইকিলিকসের। কিন্তু খুব কম প্রকাশনা সংস্থাই সঠিকতা রক্ষা করতে পারে যখন তাতে আর্থিক প্রণোদনা যুক্ত হয়। উদাহরণ তুলে ধরে বলা হয়, নিউ ইয়র্ক টাইমস বিশ্বকে বলছিল ইরাকে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। যা অনেকগুলো বড় ধরনের অন্যায়ের একটি।

নিজেদের যাচাই প্রক্রিয়া সম্পর্কে উইকিলিকস লিখেছে, উইকিলিকসের যাচাই প্রক্রিয়া অনেক শক্তিশালী। তথ্যদাতাদের সংখ্যা বাড়লেও এ প্রক্রিয়ার সঠিকতায় কোনও প্রভাব ফেলবে না।

মার্কিন সম্প্রচারমাধ্যমগুলোর তথ্যসূত্র সম্পর্কে উইকিলিকস লিখেছে, এগুলো অফিসিয়াল সূত্রের ঘনিষ্ঠভাবে যুক্ত এবং আন-অফিসিয়াল সূত্রের সঙ্গে কার্টেলের মতো সম্পর্ক তৈরি করে নিজেদের তথ্যসূত্রের খরচ কমিয়ে আনে। ফলে তাদের তথ্য পাওয়ার খরচ শূন্যে নেমে আসে। এসব প্রতিষ্ঠান নিশ্চিত করে যাতে এ তথ্য আরও কোনও প্রতিষ্ঠান না পায়। এসব প্রতিষ্ঠানে পক্ষ থেকে তথ্য দাতাদের সঙ্গে কোনও মুনাফা ভাগ করা হয় না। অথচ তথ্য দাতারা জীবনের ঝুঁকি নিয়ে তথ্য ফাঁস করে থাকেন। সময়ে সময়ে ছোট প্রকাশনাসংস্থাগুলো নিজেদের কার্টেল আচরণ লুকানোর চেষ্টা করে এবং তাদের যাচাই প্রক্রিয়ার নিম্নমানের হয়। তারা ভণ্ডামির ভাব ধরে এটাকে নৈতিক অবস্থান বলে দাবি করে। এর ফলে মানুষ অফিসিয়াল সূত্রে পাওয়া খবর পড়ে জর্জরিত হয়। অপরদিকে যে সত্য জানার কথা তা অজানাই রয়ে যায় জনগণের।

পুরস্কার ঘোষণার কার্যকারিতা সম্পর্কে বলা হয়েছে, পুলিশের পুরস্কার ঘোষণায় ফল পাওয়া যায়। তাই সাংবাদিকতার পুরস্কারেও পাওয়া যাবে। যারা সত্যকে যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করে, তারা তা প্রকাশে কোনও সুযোগই হাতছাড়া করতে চায় না।

উল্লেখ্য, ইউরোপের সবচেয়ে কাঙ্ক্ষিত গোপনীয় তথ্য হিসেবে টিটিআইপিকে উল্লেখ তথ্য ফাঁসকারীদের জন্য ১ লাখ ইউরো পুরস্কার ঘোষণা করে উইকিলিকস। টিটিআইপি হাজার হাজার কোটি ডলারের আন্তর্জাতিক চুক্তি যা গোপনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির পুরোটাই গোপন রয়েছে। শুধু বড় বড় কর্পোরেশনের কর্তারাই এ চুক্তির ধারা সম্পর্কে জানতে পারেন।

উইকিলিকস জানিয়েছে, টিটিপির অর্থমূল্য বৈশ্বিক জিডিপির অর্ধেকের সমান। টিটিআইপির লক্ষ্য বিশ্ব বাণিজ্য সংস্থার আওতার বাইরে নতুন অর্থনৈতিক ব্লক গড়ো তোলা। যা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার ব্রিকস-এর কৌশলগত পাল্টা পদক্ষেপ।

পুরস্কার ঘোষণার সময় উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছিলেন, টিটিআইপির গোপনীয়তায় ইউরোপীয় ইউনিয়নের গণতন্ত্রকে আড়াল করে ফেলেছে।  টিটিআইপি প্রত্যেক ইউরোপীয়ানের জীবনে প্রভাব ফেলছে, এশিয়ার সঙ্গে দীর্ঘ বিরোধে জাড়াচ্ছে ইউরোপ। এখন সময় এ গোপনীয়তা ভেঙে ফেলার।

সর্বশেষ, শনিবার উইকিলিকসের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, যারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিলারি ও ট্রাম্পের গোপন তথ্য ফাঁসকারীদের পুরস্কার দেওয়া হবে। টুইটারে উইকিলিকিসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এর কিছুদিন আগেও ডিএনসির এক কর্মীর হত্যাকারী সম্পর্কে তথ্যাদানকারীদের জন্য ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে উইকিলিকস। সেথ রিচ নামের ডিএনসির ওই কর্মী দলটির ভোটার তথ্য ডাটাবেজ তদারকি করতেন। ১০ জুলাই রাতে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। প্রথমে পুলিশ ধারণা করেছিল, ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির ফলে গুলিতে তার মৃত্যু হয়। কিন্তু পরে লাশের সঙ্গে পুলিশ সেথ রিচের মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করে। এছাড়া অন্য কিছু ছিনতাই হওয়ারও খবর পাওয়া যায়নি। এরপরই হত্যাকাণ্ডটি নিয়ে সন্দেহের নানা ডালপালা মেলতে শুরু করে।

উইকিলিকসের পুরস্কার ঘোষণার ফলে অনেকেই মনে করছেন, ডিএনসির যে তথ্য উইকিলিকস প্রকাশ করেছে তা সেথ রিচই ফাঁস করেছেন। কেউ কেউ মনে করছেন, পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে হিলারির দিকেই খুনের সংশ্লিষ্টতার বিষয়ে ইঙ্গিত করছে উইকিলিকস।

এদিকে, শুক্রবার এক সাক্ষাৎকারে উইকিলিকসের নির্বাহী সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ দাবি করেছেন, ডিএনসির তথ্য ফাঁসের পর অনেকেই আরও নতুন তথ্য ফাঁস করতে এগিয়ে এসেছেন। তারা হিলারি ক্লিনটনের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। শিগগিরই তা প্রকাশ করা হবে।

অ্যাসাঞ্জের মতে, এ পর্যন্ত ফাঁস হওয়া তথ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হবে সেগুলো।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস বিশ্বজুড়ে আলোড়ন তুলতে সক্ষম হয় ২০১০ সালে। মার্কিন কূটনৈতিক নথি ফাঁসের মধ্য দিয়ে উইকিলিকস উন্মোচন করেন মার্কিন সাম্রাজ্যের নগ্নতাকে। দুনিয়াজুড়ে আলোচনায় আসেন ওই সংবাদমাধ্যমের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ক্ষমতাশালী রাষ্ট্রগুলোর গোপন তথ্য উন্মোচনের মধ্য দিয়ে দুনিয়াব্যাপী আধিপত্যবাদবিরোধী মানুষদের প্রতীকি কণ্ঠস্বরে পরিণত হন তিনি। তবে সাম্প্রতিক ব্যক্তিগত তথ্যফাঁসের অভিযোগ ওঠেছে উইকিলিকসের বিরুদ্ধে। যদিও অ্যাসাঞ্জ ও উইকিলিকস তা প্রত্যাখ্যান করেছে। সূত্র: নিউজউইক, স্পুটনিক নিউজ।

/এএ/