অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা ব্যবহারের সঙ্গে শরীরে রক্ত জমাট বাঁধার সংশ্লিষ্টতা এখনও পাওয়া যায়নি বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তারা মনে করে, এ টিকার ব্যবহার বন্ধ করে দেওয়ার কোনও কারণ নেই। শুক্রবার (১২ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সস্থার পক্ষ থেকে এমন পর্যবেক্ষণের কথা জানানো হয়েছে।
ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, ইতালি এবং রোমানিয়ার মতো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর বেশ কয়েকটি দেশে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি টিকা ‘কোভিশিল্ড’-এর পাশ্বপ্রতিক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, এই টিকার ডোজ নেওয়ার পর রক্ত জমাট বাঁধার মতো সমস্যা দেখা গিয়েছে। এমনকি, টিকা প্রয়োগের পর মৃত্যুও হয়েছে বলে দাবি করা হয়েছে। টিকার সুরক্ষা নিয়ে এই সংশয়ের পরিপ্রেক্ষিতে ওই দেশগুলিতে হয় তার প্রয়োগ পিছিয়ে দেওয়া হয়েছে, নয়তো তা বন্ধ রাখা হয়েছে। তবে ‘কোভিশিল্ড’-এর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলেও তা মানতে নারাজ ডব্লিউএইচও।
শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস দাবি করেছেন, ‘অন্যান্য কোভিড টিকার মতোই অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডও একটি অসাধারণ টিকা।’
টিকার সুরক্ষা নিয়ে কোনও সংশয় থাকলে তা পর্যালোচনার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন হ্যারিস। তিনি বলেন “অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারে বাধা নেই। তবে এর সুরক্ষা সংক্রান্ত বিষয়ে সংশয় থাকলে তা অবশ্যই খতিয়ে দেখা উচিত। তবে এই মুহূর্তে এ কথা বলা ঠিক নয় যে আমরা তা ব্যবহার করব না।”