ইলন মাস্ককে অপমান করলেন ব্রাজিলের ফার্স্ট লেডি

ধনকুবের ইলন মাস্ককে অপমান করেছেন ব্রাজিলের ফার্স্ট লেডি জানজা লুলা দ্য সিলভা। শনিবার (১৬ নভেম্বর) জি২০-র সামাজিক অনুষ্ঠানে মাস্ককে গালি দেন তিনি। অনুষ্ঠানে, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ ও ভুয়া তথ্য নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখছিলেন জানজা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জানজা লুলা দ্য সিলভার বক্তব্যের সময় জাহাজের হর্ন বেজে উঠে। এসময় তিনি রসিকতা করে বলেন, ‘আমি মনে করি এটি ইলন মাস্ক।’

এরপর তিনি ইলন মাস্কের উদ্দেশে খারাপ ভাষায় গালি দিয়ে বলেন, 'আমি তোমাকে ভয় পাই না।'

জানজার এই মন্তব্য ও গালাগালির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক জানজার মন্তব্যের ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে হাসির ইমোজি পোস্ট করেন।

আরেকটি পোস্টে মাস্ক ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ইঙ্গিত করে বলেন, তারা আগামী নির্বাচনে হেরে যাবে।

সোমবার ও মঙ্গলবার রিও ডি জেনেরিওতে এবারের জি২০-সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগে সেখানে এক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসিডেন্টের স্ত্রী জানজা।

চলতি বছর মাস্কের এক্স ব্রাজিলে এক মাসের জন্য স্থগিত করা হয়েছিল। কারণ এটি ভুয়া খবর ও ঘৃণামূলক বার্তা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত অ্যাকাউন্টগুলিকে ব্লক করার জন্য আদালতের আদেশ অমান্য করেছিল।