ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ নতুন অস্ত্র সরবরাহের পরিকল্পনার বিষয়ে হুঁশিয়ারি জানিয়েছে রাশিয়া। বুধবার রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, এতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সরাসরি সংঘাতের সম্ভাব্যতার বিষয়ে রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে সের্গেই রিয়াবকভ বলেন, যে কোনও অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা এমন কিছুর ঝুঁকি বাড়ায়।
মঙ্গলবার ওয়াশিংটন জানিয়েছে, তারা ইউক্রেনকে উন্নত হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট ব্যবস্থা সরবরাহ করবে। যা এক সঙ্গে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে সুনির্দিষ্ট লক্ষ্যে।
যুদ্ধে ইউক্রেন ও রাশিয়া উভয়েই মাল্টিপল লঞ্চ রকেট ব্যবস্থা ব্যবহার করছে। কিন্তু পাল্লা ও নির্ভুলতার নিরিখে হিমার্স অনেক বেশি এগিয়ে। ইউক্রেনকে যে হিমার্স দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সেগুলোর পাল্লা প্রায় ৮০ কিলোমিটার।
রিয়াবকভের মতে, যুক্তরাষ্ট্র রাশিয়ার কৌশলগত পরাজয় দেখতে চায়। এটি নজিরবিহীন, এটি বিপজ্জনক।