যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ের আলোচনায় প্রস্তুত রাশিয়া

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ের জন্য আলোচনায় প্রস্তুত রাশিয়া। মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনার মস্কোতে মাদক পাচারের অভিযোগে ৯ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার একদিন পর ল্যাভরভ এই মন্তব্য করেছেন। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

আসিয়ান সম্মেলনে সাংবাদিকদের ল্যাভরভ বলেছেন, বিষয়টি নিয়ে আলোচনায় প্রস্তুত ক্রেমলিন। কিন্তু দুই প্রেসিডেন্ট যে ফ্রেমওয়ার্কে একমত হয়েছেন, সেই চ্যানেলে এই আলোচনা হলে তারা রাজি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের প্রেসিডেন্ট একটি নির্দিষ্ট চ্যানেলে একমত হয়েছেন। অন্যরা প্রকাশ্যে যা-ই বলুক না কেন এই চ্যানেল কার্যকর থাকবে।

এর কিছুক্ষণ পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন একই সম্মেলনে বলেছেন, রাশিয়ার সঙ্গে আলোচনার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র।

দুইবার অলিম্পিক গোল্ড মেডেলের অধিকারী ব্রিটনি গ্রাইনারকে বিশ্বের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় বলে মনে করা হয়। গত ফেব্রুয়ারিতে মস্কোর কাছের একটি বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। ওই সময়ে তার লাগেজে গাঁজার তেল থাকা একটি ভেপ কার্টিজ পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে অসময় চলতে থাকায় রাশিয়ায় ক্লাব বাস্কেটবল খেলতে যান তিনি।

এর কয়েক দিনের মাথায় ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। আর তার মামলাটি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতার বিষয় হয়ে ওঠে।

রুশ আদালতের দণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্র ও রাশিয়া বর্তমানে সম্ভাব্য বন্দি বিনিময় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই বিনিময়ে ব্রিটনি গ্রাইনার অন্তর্ভুক্ত থাকতে পারেন বলে আশা করা হচ্ছে। ফলে বাস্কেটবল খেলোয়াড়কে কতদিন কারাগারে থাকতে হবে তা স্পষ্ট নয়।