রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সেপ্টেম্বরের শেষ দিকে নর্ডস্ট্রিম গ্যাস পাইপলাইনে হামলার ঘটনাটি ‘একটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’। বুধবার রুশ প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।
মস্কোতে রাশিয়ার বার্ষিক জ্বালানি সপ্তাহের প্লেনারি অধিবেশনে পুতিন বলেন, পুরো মহাদেশের জ্বালানি নিরাপত্তাকে হুমকিতে ফেলাই ছিল এই হামলার লক্ষ্য।
তিনি বলেন, এই হামলা একটি বিপজ্জনক ধারা তৈরি করেছে এবং এটি দেখিয়ে দিয়েছে যে কোনও গুরুত্বপূর্ণ পরিবহন ও অবকাঠামো এখন ঝুঁকিতে রয়েছে।
ইউরোপীয় কর্তৃপক্ষ নর্ডস্ট্রিম ১ ও ২ এর লিকের কারণ অনুসন্ধান করছে। তবে তদন্ত শুরুর আগেই তারা এই লিকের ঘটনাকে নাশকামূলক হিসেবে সন্দেহ করছেন।
বুধবার পুতিন বলেছেন, নর্ডস্ট্রিম ২ পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহে প্রস্তুত রয়েছে রাশিয়া। পাইপলাইনটি সক্রিয় রয়েছে। ইউরোপ গ্যাস চায় কিনা সেই সিদ্ধান্তের অপেক্ষা। তারা চাইলে গ্যাস পাবে।