বছরের শেষ দিকে বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার রাশিয়ার বাণিজ্যিক দৈনিক পত্রিকা ভেদোমস্তি এ খবর জানিয়েছে। পত্রিকারটির মতে, ডিসেম্বরের শেষ দিকে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পত্রিকাটিকে বলেছেন, পুতিন ও শি জিনপিংয়ের বৈঠকের তারিখ ও এজেন্ডা ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে।
মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে পেসকভ বলেছেন, রুশ ও চীনা প্রেসিডেন্ট নিয়মিত যোগাযোগ রাখছেন।
তিনি বলেন, আমরা এই যোগাযোগ বজায় রাখার প্রস্তুতি নিচ্ছি। সময়মতো আমরা জানাবো কবে ও কখন ভবিষ্যতের আলোচনা হবে।
পত্রিকাটি ক্রেমলিন ঘনিষ্ঠ অজ্ঞাত এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, দুই নেতার বৈঠক মুখোমুখি হতে পারে। বিস্তারিত নির্দিষ্ট করতে কাজ চলছে।
ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর চীনের ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে বেইজিংয়ের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলতে চাইছে মস্কো।
সূত্র: রয়টার্স