দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অংশে ইউক্রেনের হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। আহত হয়েছে অন্তত ১০ জন।বৃহস্পতিবার (৪ এপ্রিল) ইউক্রেন বাহিনীর শেল হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খেরসন অঞ্চলের এক রুশ কর্মকর্তা, আন্দ্রে আলেকসেনকো বলেছেন, তার এলাকার একটি গাড়িতে ড্রোন হামলায় নিহত হয়েছে দুইজন। এক পথচারীকে লক্ষ্য করে অপর আরেকটি ড্রোন হামলা চালানো হলেও, সে পালিয়ে যাওয়ায় রক্ষা পেয়েছে।
তিনি বলেন, অপর আরেকটি হামলায় মোবাইল যোগাযোগ পুনরুদ্ধারের জন্য কাজ করা মেরামতকারী ক্রুর দুই সদস্য নিহত হয়েছে। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
পূর্ব ইউক্রেনের দোনেৎস্কের রুশ নিয়ন্ত্রিত এলাকার কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সেখানে ইউক্রেনের গোলাবর্ষণে দুইজন নিহত এবং নয়জন আহত হয়েছে।
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছর চলছে। যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে উভয় দেশ। ইউএন হিউম্যান রাইটস মনিটরিং মিশন ফেব্রুয়ারিতে বলেছে, ইউক্রেনে রুশ আগ্রাসনে ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ হাজার।