ইউক্রেনে রুশ হামলায় একদিনে নিহত ২০

ইউক্রেনের দিনিপ্রো শহরের একটি জনাকীর্ণ রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই হামলায় এছাড়া অন্যান্য প্রাদেশিক শহরে দিনের বেলায় হামলায় আরও পাঁচজন এবং রাজধানী কিয়েভে গভীর রাতের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

একদিনে ধারাবাহিক হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে স্থানীয়ভাবে ছয় দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর বিষয়ে সতর্ক আশার সঞ্চার হয়েছে।

টেলিগ্রাম অ্যাপে ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরহি কোরেটস্কি বলেন, রাশিয়া উদ্দেশ্যমূলকভাবে সাধারণ নাগরিকদের শিকার করছে: ট্রেনে, স্টেশনে, আবাসিক ভবনে। এই ত্রাসের কোনও ন্যায্যতা নেই, আর কখনও থাকতেও পারে না।

কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টার কিছু আগে শহরটির বিভিন্ন এলাকায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে একজন নিহত হয়েছেন। হামলায় কয়েকটি গুদামে আগুন ধরে যায়। দিনিপ্রো নদীর পূর্ব তীরে একটি ভবনও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাগুলোকে ‘অত্যন্ত নিষ্ঠুর’ ও ‘ইচ্ছাকৃত’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, সবাই যখন উত্তেজনা প্রশমনের পদক্ষেপের প্রত্যাশা করছে, তখনই এসব হামলা চালানো হচ্ছে।

জেলেনস্কি সতর্ক করে বলেন, রাশিয়ার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতির বিষয়ে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। এই সমস্ত রুশ অপশক্তিকে প্রতিহত করার মতো মাধ্যম বা উপকরণের আমাদের প্রয়োজন। আমরা সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলোর অপেক্ষায় আছি।