লিবিয়ায় ড্রোন হামলায় ডুবলো রুশ যুদ্ধজাহাজ

লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি বন্দরে রাশিয়ার একটি জাহাজে সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে বিস্ফোরণ ও অল্প সময়ের জন্য আগুন ধরে যায়। হামলায় লিবীয় ও রুশ নাগরিকদের হতাহতের খবর পাওয়া গেছে। রবিবার গভীর রাতে উত্তর আফ্রিকার দেশটির পূর্বাঞ্চলভিত্তিক সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

স্থানীয় সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, রবিবার (স্থানীয় সময়) ভোরের দিকে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরের ভেতরে একটি নৌঘাঁটির কাছে এই হামলা হয়। স্থানীয় বাসিন্দাদের বরাতে সূত্রগুলো জানায়, তিনটি ড্রোন জাহাজটিতে আঘাত হানে। জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন ছিল। হামলায় কতজন নিহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এতে লিবীয় ও রুশ নাগরিকদের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।

স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যানটর জানিয়েছে, তাদের পাওয়া ছবিতে জাহাজটিকে রাশিয়ার নৌবাহিনীর করভেট শ্রেণির ছোট যুদ্ধজাহাজ ‘মেরকুরি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। রবিবারের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, জাহাজটির অধিকাংশ অংশ উল্টে পানিতে ডুবে গেছে। শুধু সামনের অংশ পানির ওপরে দৃশ্যমান ছিল। জাহাজের ওপরের কাঠামোর একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। পাশাপাশি বন্দরের জেটিজুড়ে ছড়িয়ে ছিল ধ্বংসাবশেষ।

বেনগাজিভিত্তিক প্রশাসন এর আগে জানিয়েছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যে সহযোগিতা চুক্তির আওতায় জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিতে জাহাজটি বন্দরে ভিড়েছিল। রবিবার রাতে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানায়, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর পরিচালিত একটি ঘাঁটি থেকে বেশ কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন জাহাজটির দিকে ছোড়া হয়েছিল।

সূত্র: আল জাজিরা