বিক্ষোভ নিয়ে মন্তব্যের জেরে বরখাস্ত ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

বহুল আলোচিত ও বিতর্কিত স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সোমবার সকালে সুয়েলাকে এ সিদ্ধান্ত জানান ঋষি সুনাক। সর্বশেষ ফিলিস্তিন ইস্যুসহ দায়িত্বকালীন অভিবাসন ইস্যু নিয়ে মন্তব্যসহ বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছেন সুয়েলা।  

সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ঋষি সুনাক সুয়েলা ব্র্যাভারম্যানকে সরকার ছেড়ে যেতে বলেছেন এবং তিনি মেনে নিয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি।

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত স্বরাষ্ট্রমন্ত্রীর তালিকায় সুয়েলার নাম ওপরের দিকে থাকবে। সোমবার সকালে তাকে চাকরি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই নিয়ে এবার দ্বিতীয়বারের মতো ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর   চাকরি হারালেন সুয়েলা। এর আগে লিজ ট্রাসের সরকার থেকে পদত্যাগ করতে হয়েছিল তাকে।

সুনাক প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই সুয়েলাকে পুনরায় নিয়োগ দিয়েছিলেন। তবে সুয়েলার বিরুদ্ধে পুলিশের পেশাগত স্বাধীনতা এবং জনসাধারণের আস্থা নষ্ট করার অভিযোগ আনার পর চাপের মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী।  তখন থেকেই সুয়েলার পদত্যাগের জোরালো দাবি ওঠে।