পবিত্র ঈদুল আজহা ব্রিটেন ও ইউরোপে উদযাপিত হবে আগামী রবিবার। এবারও বিভিন্ন স্থানে খোলা মাঠে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এবার ঈদ ব্রিটেন ও ইউরোপে সাপ্তাহিক বন্ধের দিন রবিবার হবে, তাই স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক লাখ মুসলমান পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পাবেন। কারণ, ব্রিটেনে ঈদের আলাদা কোনও ছুটি নেই।
প্রতি বছরের মতো এবারেও হাজার হাজার বাংলাদেশি পরিবার দেশের পাশাপাশি লন্ডনেও কোরবানি দিচ্ছেন। বাঙালি, পাকিস্তানি ও আফগান নিত্যপণ্য ও হালাল মাংসের দোকানে নেওয়া হচ্ছে কোরবানির পশু কেনার অর্ডার। এর বাইরে ঈদকে সামনে রেখে লন্ডনের মসলার দোকানগুলোতে ভিড় বেড়েছে বলে জানালেন পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিট এলাকার ইনসাফ হালালের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন।