লন্ডনে সাবেক গণিত শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড

লন্ডনের ইলফোর্ডের বাসিন্দা এবং প্রাক্তন গণিত শিক্ষক সৈয়দ শাহরিয়ার আহমেদকে শিশু যৌন নিপীড়নের ৩৭টি অভিযোগে অতিরিক্ত ১০ বছরের কারাদণ্ড দিয়েছে সাউথওয়ার্ক ক্রাউন আদালত। এর ফলে তার বিরুদ্ধে মোট ৫৬টি শিশু যৌন নিপীড়নের অপরাধ প্রমাণিত হলো, যার শিকার হয়েছেন ১৮ জন কিশোরী।

এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর তিনি কিশোরীদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগে ২০ বছরের সাজা পেয়েছিলেন। মেট্রোপলিটন পুলিশের অনলাইন চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ অ্যান্ড এক্সপ্লয়টেশন টিমের চলমান তদন্তে তার মোবাইল ফোন থেকে আরও ডিজিটাল প্রমাণ ও নতুন ভুক্তভোগীদের সন্ধান মেলে। 

তদন্তে দেখা যায়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে নিজেকে টিনএজ ছেলে সাজিয়ে ১৩ থেকে ১৬ বছর বয়সী কিশোরীদের প্রলোভিত করতেন এবং সাক্ষাতের ফাঁদে ফেলে ধর্ষণসহ নানা নিপীড়ন চালাতেন।

পুলিশ ও প্রসিকিউশন জানিয়েছে, আহমেদের মতো অপরাধীদের বিরুদ্ধে ডিজিটাল প্রমাণ যাচাইয়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার কাজ অব্যাহত রয়েছে। পাশাপাশি, তার আর কোনও ভুক্তভোগী থাকলে তাদের পুলিশ বা হেল্পলাইনে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।