লন্ডনে আ.লীগ ও এনসিপির সংঘর্ষ, আহত ৪

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপির সংবর্ধনা অনুষ্ঠান শেষে লন্ডনের ‘মে ফেয়ার’ হলের পেছনের সড়কে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাতে এ সংঘর্ষে কমপক্ষে চার জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে। এ ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্য ও বিশিষ্টজনরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, লন্ডনের মতো সভ্য সমাজে দেশের রাজনৈতিক বিরোধ টেনে এনে এমন বিশৃঙ্খলা পুরো ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য চরম লজ্জাজনক।

জানা গেছে, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামের এক সপ্তাহের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে মধ্য লন্ডনের মে ফেয়ার হলে এই সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে মে ফেয়ার হলের বাইরে অবস্থান নেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে বাইরে থাকা আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন এবং হলের বাইরের অংশে অতিথিদের ওপর চড়াও হন।

অনুষ্ঠান শেষ হওয়ার পর মে ফেয়ার হলের পেছনের সড়কে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও প্রায় ২০ মিনিট ধরে হাতাহাতি ও সংঘর্ষ চলে। বিশৃঙ্খলা থামাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকা প্রথম আলোর যুক্তরাজ্য প্রতিনিধি সাইদুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের তিন ঘণ্টারও বেশি আগে বিকাল ৩টার দিকে নাহিদ ইসলাম মে ফেয়ার হলে প্রবেশ করেন। ফলে বিক্ষোভকারীরা জড়ো হওয়ার আগেই তিনি ভেতরে ঢুকতে সক্ষম হন। অনুষ্ঠান শেষে মূল ফটকের বদলে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ায় তাকে সরাসরি কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়তে হয়নি।

মে ফেয়ার হলের পেছনের এই সংঘর্ষের ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বাসিন্দা, নাগরিক সমাজের প্রতিনিধি ও উপস্থিত অতিথিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রবাসীদের ভাষ্যমতে, লন্ডনের মতো সভ্য সমাজে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ আমদানি করে কেবল বিরোধিতার জন্য বিরোধিতা এবং ডিম-বোতল ছুড়ে মারার মতো সংস্কৃতি বাংলাদেশের জন্য অসম্মানজনক ও চরম লজ্জাজনক। 

সাংস্কৃ‌তিক সংগঠক মাহবুবুর রহমান শিবলু ব‌লেন, বহু বছর ধরে চলা এই বিকৃত চর্চা বন্ধ হওয়া জরুরি। যাতে প্রবাসে কমিউনিটির আয়োজনগুলো রাস্তার মারামারিতে ম্লান না হয়ে যায়।