গোপনে দেখা করলেন প্রিন্স হ্যারি ও রাজা চার্লস

ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যেই স্কটল্যান্ডে গোপনে বৈঠক করেছেন প্রিন্স হ্যারি ও তার বাবা রাজা তৃতীয় চার্লস। গত ১৭ অক্টোবর বালমোরাল এস্টেটে তাদের এ সাক্ষাৎ হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। বৈঠকে হ্যারির স্ত্রী মেগান মার্কেল কিংবা তাদের দুই সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেট উপস্থিত ছিলেন না।

প্রতিবেদন অনুযায়ী, রাজা তৃতীয় চার্লস তার ছোট ছেলে হ্যারিকে বালমোরাল এস্টেটে নিজের ব্যক্তিগত বাসভবন বার্কহলে কিছু সময় কাটানোর আমন্ত্রণ জানান। গত আগস্টে পরিবারের সদস্যদের নিয়ে হ্যারি যুক্তরাজ্যে ফেরার পর বাবা-ছেলের মধ্যে এটিই প্রথম সরাসরি সাক্ষাৎ বলে জানা গেছে।

ওই সময় রানি ক্যামিলাও সেখানে ছিলেন না। তিনি রয়্যাল অ্যাসকটে চ্যাম্পিয়নস ডে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। ফলে চার্লস ও হ্যারি একান্তে সময় কাটানোর সুযোগ পান। দ্য সান-এর উদ্ধৃত এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, দুই পক্ষেরই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আগ্রহ রয়েছে। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সম্পর্ক মেরামতের চেষ্টা

২০২০ সালে হ্যারি ও মেগান রাজপরিবারের জ্যেষ্ঠ কর্মরত সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পরে তারা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলে যান। এরপর রাজপরিবারের সঙ্গে তাদের মতবিরোধ প্রকাশ্যে আসে। বিভিন্ন সাক্ষাৎকার, নেটফ্লিক্সের তথ্যচিত্র এবং হ্যারির স্মৃতিকথা ‘স্পেয়ার’-এ এসব বিষয়ে নানা তথ্য প্রকাশ করেন তারা। তবে সম্প্রতি পরিবারের সঙ্গে বিরোধ পেছনে ফেলে সম্পর্ক পুনর্গঠনের আগ্রহ প্রকাশ করেছেন হ্যারি। অক্টোবরে জি কিউ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবা রাজা চার্লস এবং বড় ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে তার জটিল সম্পর্কের কথা স্বীকার করেন তিনি। হ্যারি বলেন, মতপার্থক্য দূরে সরিয়ে রাখা গুরুত্বপূর্ণ। নানা চ্যালেঞ্জ থাকলেও সম্পর্কের উন্নতি হোক, সেটিই তিনি চান। 

সূত্র: উইয়ন নিউজ